ডিভিসি ক্যানেলে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য দুর্গাপুরের আসিসনগরে
**দুর্গাপুর:** ডিভিসি ক্যানেল থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের আসিসনগর এলাকায়। শুক্রবার সকালে ৩৯ নম্বর ওয়ার্ডের আসিসনগর সংলগ্ন ডিভিসি ক্যানেলে স্থানীয় বাসিন্দারা এক মহিলার দেহ ভাসতে দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যানেলে দেহ ভাসতে দেখে বাসিন্দারাই বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর পুলিশ ক্যানেল থেকে মহিলার দেহ উদ্ধার করে।
উদ্ধারের পর মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি।
তবে কীভাবে ওই মহিলার মৃত্যু হল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে, নাকি অন্য কোনওভাবে মৃত্যুর পর দেহ ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
ঘটনার তদন্ত শুরু করেছে কোক ওভেন থানার পুলিশ। পাশাপাশি মৃত মহিলার পরিচয় জানারও চেষ্টা চলছে।