ফরাক্কায় অস্ত্র ও মাদক পাচারের ছক বানচাল পুলিশের! জাতীয় সড়ক থেকে গ্রেফতার যুবক, উদ্ধার ১৯৯ বোতল ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্র
**ফরাক্কা:** গন্তব্যে পৌঁছনোর আগেই পুলিশের জালে ধরা পড়ল অস্ত্র ও মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তি। মুর্শিদাবাদের ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ফরাক্কার এনটিপিসি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক এলাকায় অভিযান চালিয়ে সাকিরুল সেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। ধৃতের বাড়ি সাগরপাড়া থানার কাজিপাড়া এলাকায়।
পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে মোট ১৯৯ বোতল ফেনসিডিল কফ সিরাপ উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা কার্তুজ।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাচারের খবর পেয়ে শুক্রবার রাতে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় আগে থেকেই ওত পেতে ছিলেন তদন্তকারীরা। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সাকিরুলকে আটক করা হয়। এরপর তাঁর সঙ্গে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল। পরে তাঁর দেহ তল্লাশি করে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঝাড়খণ্ড থেকে অস্ত্র ও মাদক নিয়ে ফরাক্কায় এসেছিলেন ধৃত। সেখান থেকে বাসে করে বহরমপুরের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে গন্তব্যে পৌঁছনোর আগেই পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। শনিবার ধৃতকে আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে অস্ত্র ও মাদক আনা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের শিকড় পর্যন্ত পৌঁছনোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।