শিশুকে দেওয়া হল বাসি-পচা চিকেন প্যাটিস! দুর্গাপুরের স্টিল মার্কেটে চাঞ্চল্য
**দুর্গাপুর:** সাড়ে তিন বছরের শিশুকে বাসি-পচা খাবার দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের বেনাচিতি বাজারের স্টিল মার্কেট এলাকায়। একটি ব্র্যান্ডেড কেক ও প্যাটিসের দোকান থেকে কেনা চিকেন প্যাটিসে থাকা মাংসের টুকরো থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির পরিবারের সদস্যরা।
অভিযোগকারী লাল্টু দাসের দাবি, নেতাজি কলোনির বাসিন্দা তিনি। সম্প্রতি সাড়ে তিন বছরের মেয়েকে সঙ্গে নিয়ে স্টিল মার্কেটের ওই দোকানে যান। শিশুটির জন্য একটি চিকেন প্যাটিস কেনেন তিনি। অভিযোগ, শিশুটি প্যাটিসের সিংহভাগ খেয়ে ফেলার পর নিজে খাবারটি চেখে দেখেন লাল্টুবাবু।
তখনই প্যাটিসের ভিতরে থাকা চিকেনের টুকরো থেকে তীব্র দুর্গন্ধ পান বলে অভিযোগ তাঁর। বিষয়টি সঙ্গে সঙ্গে দোকানের কর্মীদের জানানো হয়। অভিযোগ, প্রথমে দোকানের কর্মীরা খাবারটি বাসি বা পচা নয় বলে দাবি করেন।
এরপর বিষয়টি নিয়ে এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান লাল্টু দাস। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে বলে জানা গিয়েছে। অভিযোগকারী পরিবারের দাবি, পুলিশ ওই দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেয়। পাশাপাশি দোকানের ম্যানেজারকেও থানায় ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটি ওই খাবার খাওয়ার পর অসুস্থ হয়েছে কি না, তা নিয়েও পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে খাবারটি সত্যিই বাসি বা পচা ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত করছে।
খাবারের গুণমান এবং দোকানের খাদ্য সংরক্ষণ ব্যবস্থা নিয়ে এবার প্রশাসনের নজরদারি কতটা বাড়ে, সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।