গুগল ম্যাপ দেখে রাস্তা খুঁজতে গিয়ে বিপত্তি, ৩০ ফুট গভীর খনিতে বাইক-সহ পড়লেন আরোহী
**পাণ্ডবেশ্বর:** গুগল ম্যাপ দেখে রাস্তা খুঁজতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক বাইক আরোহী। পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী খনি এলাকার একটি প্রায় ৩০ ফুট গভীর খোলা মুখ খাদে বাইক-সহ পড়ে গুরুতর আহত হয়েছেন প্রসূন ব্যানার্জি নামে এক ব্যক্তি। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রসূন ব্যানার্জি কাঁকসার বসুধা এলাকার বাসিন্দা। পেশায় তিনি কেবল অপারেটর। শুক্রবার রাতে কেবল সংক্রান্ত কাজের জন্য পাণ্ডবেশ্বরের একটি গ্রামে যাচ্ছিলেন তিনি। রাস্তা খুঁজে পেতে তিনি গুগল ম্যাপের সাহায্য নিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
অভিযোগ, পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী খনি এলাকায় খনির কাজ চলায় বেশ কিছু রাস্তা বর্তমানে খনি এলাকার আওতায় চলে এসেছে। সেই পরিস্থিতির মধ্যেই গুগল ম্যাপ দেখে একটি পিচ রাস্তা ধরে এগোচ্ছিলেন প্রসূন। আচমকাই রাস্তার মাঝে থাকা একটি গভীর গর্তে বাইক-সহ পড়ে যান তিনি।
এদিকে গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। প্রসূনকে ফোন করা হলে তিনি ঠিক কোথায় রয়েছেন, তা স্পষ্টভাবে জানাতে পারেননি বলে জানিয়েছেন তাঁর দাদা সুব্রত ব্যানার্জি। পরিবারের দাবি, ফোনে কখনও অজয় নদীর ধার, কখনও দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গার কথা বলছিলেন তিনি। ফলে তাঁর সঠিক অবস্থান চিহ্নিত করতে সমস্যায় পড়তে হয় পরিবারের সদস্যদের।
শেষ পর্যন্ত জিও-ট্যাগের মাধ্যমে প্রসূনের অবস্থান শনাক্ত করা হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। শনিবার সকালে পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী খনি এলাকার একটি গভীর খাদ থেকে প্রসূন ও তাঁর বাইককে উদ্ধার করা হয়।
উদ্ধারকাজে এগিয়ে আসেন খনি কর্তৃপক্ষ, প্রশাসনের আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা। খনির পকলেন মেশিনের সাহায্যে প্রায় ৩০ ফুট গভীর গর্ত থেকে আহত প্রসূনকে উদ্ধার করা হয়। পরে তাঁকে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে খনি এলাকার রাস্তা ও খোলা মুখ খনি নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাতে ওই এলাকার রাস্তা দিয়ে চলাচলকারী মানুষদের জন্য যথাযথ সতর্কীকরণ ব্যবস্থা ও নিরাপত্তা কতটা রয়েছে, তা নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।