পদ্ম ফুল আনতে বেরিয়ে নিখোঁজ, সাত সকালে পুকুর থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ
**জামুড়িয়া:** সাত সকালে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ার বেনালি গ্রামে। মৃতের নাম **মধু হেমরম**। তিনি বেনালি টুইলা পাড়ার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত **১৮ তারিখ সকালে পদ্ম ফুল আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মধু হেমরম**। এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি বলে দাবি।
এরপর রবিবার সকালে স্থানীয়রা গ্রামের কোলিয়ারি সংলগ্ন **ঘাসুরিয়া নামে একটি পুকুরে** এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে **শ্রীপুর ফাঁড়ির পুলিশ** ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য **আসানসোল জেলা হাসপাতালে** পাঠানো হয়েছে।
ঠিক কীভাবে মধু হেমরমের মৃত্যু হল, তিনি কীভাবে ওই পুকুরে পৌঁছলেন—তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।