বাংলা-ঝাড়খণ্ড সীমানায় কয়লা বোঝাই ট্রাকে আগুন, আতঙ্ক ডুবুরডিহি চেকপোস্ট এলাকায়
**কুলটি:** পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানায় কয়লা বোঝাই একটি ট্রাকে আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার ঘটনাটি ঘটেছে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পার্কিং এলাকায়। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন পার্কিং এলাকায় থাকা অন্যান্য গাড়ির চালক ও ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, ট্রাকটি ঝাড়খণ্ডের নিরসা থেকে কয়লা বোঝাই করে রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। চালক এম.ডি. সিরাজের দাবি, কয়লাটি বৈধভাবে পরিবহণ করা হচ্ছিল এবং গাড়িতে থাকা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বৈধ ছিল। ডুবুরডিহি চেকপোস্টের কাছে পার্কিং এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে রাখার সময় আচমকাই ট্রাকে আগুন ধরে যায়।
আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দেখে পার্কিং এলাকায় থাকা অন্যান্য চালক ও ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। খবর দেওয়া হয় চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার প্রাথমিক চেষ্টা শুরু করে।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে দাঁড়িয়ে থাকা অবস্থায় কীভাবে কয়লা বোঝাই ট্রাকে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে দমকল দপ্তর ও কুলটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।