অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে ব্লকে মহিলাদের ভিড়, পুলিশের সামনে হাতজোড় করে কান্না
**মালদা:** মোবাইলে ছড়িয়ে পড়া একটি ভুয়ো বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সরকারি ছুটির দিনেও ব্লক অফিসে ভিড় জমালেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়া বহু মহিলা। মালদার **হরিশ্চন্দ্রপুর-১ ব্লক অফিসে** রবিবারের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মোবাইলে ছড়িয়ে পড়ে। পরে সেটি ভুয়ো বলে জানা গেলেও, বিজ্ঞপ্তি দেখে টাকা সংক্রান্ত সমস্যার সমাধানের আশায় বহু মহিলা ব্লক অফিসে হাজির হন।
অভিযোগ, ওই মহিলাদের মধ্যে কয়েকজন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেও পরবর্তী কিস্তির টাকা পাননি। আবার কয়েকজন এখনও পর্যন্ত প্রকল্পের কোনও কিস্তির টাকা পাননি বলেও দাবি করেন। সেই সমস্যার কথা জানাতেই তাঁরা ব্লক অফিসে এসেছিলেন।
তবে ব্লক অফিসে পৌঁছনোর পর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় বলে অভিযোগ। মহিলাদের কয়েকজনকে অফিসের নিচের তলায় আটকে রাখা হয় এবং পরে ভিতর ও বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে আটকে থাকা মহিলাদের বাইরে বের করে আনা হয়। এরপরই পুলিশের সামনে কয়েকজন মহিলা হাতজোড় করে কান্নায় ভেঙে পড়েন। দ্রুত তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সংক্রান্ত সমস্যার সমাধান করার আবেদন জানান তাঁরা।
এদিকে, পরে বিডিও ব্লক অফিসে এলেও অভিযোগকারী মহিলাদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ। ফলে তাঁদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।
পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভুয়ো বিজ্ঞপ্তিটি কে বা কারা ছড়িয়েছিল এবং মহিলাদের আটকে রাখার অভিযোগের সত্যতা কী, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগগুলিও প্রশাসনের তরফে কীভাবে দেখা হয়, এখন সেদিকেই নজর।