মালদা মেডিকেলে ফের শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ, চলতি মাসে মৃত্যু ৫৫ শিশুর
**মালদা:** ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত মোট ৫৫ জন শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে একদিনেই সর্বাধিক পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত শিশুদের একটি বড় অংশ অপুষ্টিতে ভুগছিল। চলতি মাসে মৃত ৫৫ শিশুর মধ্যে ৩৫ জনই অপুষ্ট ছিল বলে জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের সুপার গণেশচন্দ্র গাইন। তাঁর বক্তব্য, নাবালিকা অবস্থায় গর্ভবতী হওয়ার কারণে অনেক ক্ষেত্রে অপুষ্ট শিশুর জন্মের ঘটনা সামনে আসছে।
উল্লেখ্য, গত অগাস্ট মাসেও মালদা মেডিকেলে শিশুমৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ২৭ অগাস্ট পর্যন্ত ওই মাসে ৮৯টি শিশুর মৃত্যু হয়েছিল বলে জানা যায়। এরপর গত ২৯ অগাস্ট শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখতে মালদা মেডিকেলে আসে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল।
এরপর ৫ সেপ্টেম্বর মালদা মেডিকেল কলেজের সুপার এবং শিশু বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সরানোর নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন। পরে মেডিকেল সুপারের দায়িত্ব দেওয়া হয় ওই হাসপাতালেরই ইএনটি বিভাগের প্রধান গণেশচন্দ্র গাইনকে। শিশুমৃত্যুর হার কমাতে হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিক নির্দেশিকাও দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে দাবি, এরপর শিশুমৃত্যুর গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও চলতি মাসেও ৫৫ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে শিশুমৃত্যুর হার আরও কমাতে চিকিৎসা পরিষেবা এবং পরিকাঠামোর দিকে নজর দেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।