শ্রীনগরে কর্মরত কনস্টেবল মোনু সাউয়ের মৃত্যু, পরিবারের পাশে থাকার বার্তা অগ্নিমিত্রা পালের
**আসানসোল:** শ্রীনগরে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কনস্টেবল মোনু সাউয়ের। দু’দিন আগে তাঁর মৃত্যু হয়। রবিবার তাঁর পার্থিব দেহ আসানসোলের মহিশীলা এলাকার পৈতৃক গ্রামে পৌঁছয়। দেহ বাড়িতে পৌঁছতেই পরিবার-পরিজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
মোনু সাউয়ের মৃত্যুর খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আসানসোল দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিবারের পাশে দাঁড়াতে তিনি তাঁর কর্মীদের বাড়িতে পাঠান। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার পাশাপাশি সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় মন্ত্রীর তরফে।
এ বিষয়ে অনুপ চট্টোপাধ্যায় জানান, মোনু সাউয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি, পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
এদিকে, কনস্টেবল মোনু সাউয়ের পার্থিব দেহ গ্রামে পৌঁছনোর খবর পেয়ে শেষ দর্শনের জন্য তাঁর বাড়িতে ভিড় করেন বহু স্থানীয় বাসিন্দা। আচমকা এক তরুণ কর্মরত কনস্টেবলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও গোটা মহিশীলা এলাকা। অশ্রুসিক্ত চোখে তাঁকে শেষ শ্রদ্ধা জানান আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা।