বানভাসি মানুষদের পাশাপাশি গবাদি পশুর জন্যও গো-খাদ্যের ব্যবস্থা, প্রশংসায় ভুতনী থানার পুলিশ
**মালদা:** ভয়াবহ বন্যায় জলের তলায় মানিকচকের ভুতনী এলাকার বিস্তীর্ণ অঞ্চল। একের পর এক গ্রাম প্লাবিত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দুর্যোগের এই কঠিন পরিস্থিতিতে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে ফের মানবিকতার নজির গড়ল মালদা জেলা প্রশাসন ও ভুতনী থানার পুলিশ।
শুধু উদ্ধারকাজ কিংবা ত্রাণ পৌঁছে দেওয়াই নয়, বানভাসি মানুষের পাশাপাশি গবাদি পশু ও অন্যান্য গৃহপালিত প্রাণীর দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পুলিশকর্মীরা। ভুতনী থানার কর্তব্যরত সাব-ইন্সপেক্টর (এসআই) হীরা শেখ ও তাঁর টিমের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে দুর্গতদের মধ্যে।
বন্যার জেরে ভুতনীর একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এরই মধ্যে থানায় খবর আসে, জলবন্দি একটি বাড়িতে এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন। খবর পাওয়ার পর আর দেরি না করে নৌকা নিয়ে দুর্গম জলপথ পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভুতনী থানার পুলিশ।
জলমগ্ন বাড়ি থেকে অসুস্থ মহিলাকে উদ্ধার করে নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন পুলিশকর্মীরা। বন্যার প্রবল স্রোত ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পুলিশের এই তৎপরতা পরিবারের সদস্যদের বড়সড় স্বস্তি দেয়।
তবে পুলিশের মানবিক উদ্যোগ এখানেই থেমে থাকেনি। বানভাসি এলাকায় ত্রাণের অভাবে গবাদি পশুগুলির দুরবস্থার খবরও নজরে আসে তাঁদের। স্থানীয় এক সহৃদয় ব্যক্তির সহযোগিতায় আটকে থাকা গৃহপালিত পশু ও গবাদি পশুর জন্য গো-খাদ্যের ব্যবস্থা করেন এসআই হীরা শেখ ও তাঁর দল।
একদিকে দুর্গত মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে শুকনো খাবার ও পানীয় জল, অন্যদিকে বন্যায় আটকে পড়া গবাদি পশুর জন্যও পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য। দুর্যোগের সময় পুলিশের এই মানবিক ভূমিকা বানভাসি মানুষের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় প্রাণীদের প্রতিও সহমর্মিতা দেখানোর এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই দেখছেন এলাকার বাসিন্দারা।