মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, থানায় পরিবারের লিখিত অভিযোগ
**বসিরহাট:** পঞ্চম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের মাটিয়া থানা এলাকার আন্দুলপোতার একটি বেসরকারি মাদ্রাসায়। অভিযুক্ত শিক্ষকের নাম রাজ্জাক।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক রাজ্জাকের পাশাপাশি ইয়াসিন ও গোলাম আকবর নামে আরও দু’জনের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের বাসিন্দা ১১ বছরের ওই ছাত্রী গত দু’বছর ধরে আন্দুলপোতার ওই বেসরকারি মাদ্রাসায় পড়াশোনা করছে। অভিযোগ, গত ৮ তারিখ অভিযুক্ত শিক্ষক রাজ্জাক জোর করে ছাত্রীর ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। ছাত্রী বাধা দিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, বিষয়টি কাউকে জানালে গুরুতর পরিণতির হুমকিও দেওয়া হয় বলে পরিবারের দাবি।
নির্যাতিতার পরিবারের আরও অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছিল। ঘটনার পর অভিভাবকেরা মাদ্রাসা কমিটির সদস্য ইয়াসিন ও গোলাম আকবরের কাছে বিষয়টি জানান এবং বিচার দাবি করেন। কিন্তু অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বিষয়টি বাইরে জানালে দেখে নেওয়ার হুমকি দেয়।
এরপর গত **১৩ তারিখ মাটিয়া থানায়** গিয়ে অভিযুক্ত শিক্ষক রাজ্জাক-সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এক নাবালিকা ছাত্রীর সঙ্গে এমন গুরুতর ঘটনার অভিযোগ সামনে আসায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।
**ঘটনার সত্যতা ও অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।**