চন্দ্রকোনা পুলিশের সাফল্য! গোপন অভিযানে উদ্ধার প্রায় ১০ কেজি শব্দবাজি, গ্রেফতার এক
পশ্চিম মেদিনীপুর: নিষিদ্ধ শব্দবাজি তৈরির বিরুদ্ধে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল চন্দ্রকোনা থানার পুলিশ। অভিযানে প্রায় ১০ কেজি শব্দবাজি এবং বাজি তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অজিত সাঁতরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত ভাতহাড়া গ্রামে অজিত সাঁতরার বাড়িতে নিষিদ্ধ শব্দবাজি তৈরি হচ্ছে বলে গোপন সূত্রে খবর পান তদন্তকারীরা। সেই খবরের ভিত্তিতেই ওই এলাকায় অভিযান চালায় চন্দ্রকোনা থানার পুলিশ।
পুলিশের গাড়ি এলাকায় পৌঁছতেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন বাজি তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তি। তবে তৎপরতার সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন অভিযুক্ত অজিত সাঁতরা।
তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাড়ি থেকে কিছুটা দূরে মজুত করে রাখা বাজি তৈরির বিভিন্ন সামগ্রী এবং প্রায় ১০ কেজি শব্দবাজি উদ্ধার করে বাজেয়াপ্ত করেন পুলিশকর্মীরা।
এই ঘটনায় অভিযুক্ত অজিত সাঁতরাকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতকে ঘাটাল আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
উৎসবের মরশুমে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।