নোদাখালিতে মদের দোকান খোলার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ, ভাঙচুর ও রাস্তা অবরোধ! রাস্তায় মদ ফেলে আগুন
**নোদাখালি:** এলাকায় সরকারি মদের দোকান খোলার উদ্যোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। মদের দোকান খোলার প্রতিবাদে পথে নামলেন স্থানীয় মহিলারা। বিক্ষোভ মিছিলের পাশাপাশি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এমনকী রাস্তার উপর মদ ফেলে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। তাঁদের বিক্ষোভ ও রাস্তা অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় নোদাখালি থানার পুলিশ।
জানা গিয়েছে, নোদাখালি থানার অন্তর্গত নতুন রাস্তার মোড়ে একটি সরকারি মদের দোকান খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ২০২৫ সালে গ্রামবাসীদের আন্দোলনের জেরে ওই মদের দোকান বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি ফের সেখানে মদের দোকান খোলার উদ্যোগ নেওয়ায় নতুন করে প্রতিবাদ শুরু হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী শহরাঞ্চলে ৫০০ মিটার এবং গ্রামাঞ্চলে ১ কিলোমিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান থাকলে মদের দোকান খোলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তাঁদের অভিযোগ, নতুন রাস্তার মোড়ের প্রস্তাবিত মদের দোকানের নির্দিষ্ট দূরত্বের মধ্যেই রয়েছে দুটি মসজিদ, তিনটি মন্দির, পাঁচটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং পাঁচটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, ওই এলাকায় রয়েছে একটি নার্সিংহোম, বিডিও অফিস এবং থানাও।
এতগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কীভাবে ওই এলাকায় মদের দোকান খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মাদকবিরোধী কমিটির পক্ষ থেকেও প্রশাসন ও বিডিওর কাছে বিষয়টি জানানো হয়েছে। অবিলম্বে মদের দোকান খোলার উদ্যোগ বন্ধ করার দাবি জানিয়েছেন তাঁরা।
এখন দেখার, স্থানীয় বাসিন্দাদের এই প্রতিবাদের পর প্রশাসন ও আবগারি দফতর কী পদক্ষেপ করে।