AJUP পার্টির কর্মীদের উপর পুলিশি জুলুমের অভিযোগ, শক্তিপুর থানার সামনে রাতভর অবস্থান
**মুর্শিদাবাদ:** AJUP পার্টির কর্মীদের উপর পুলিশের জুলুম ও অত্যাচারের অভিযোগ তুলে শক্তিপুর থানার সামনে ধর্নায় বসলেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। শনিবার বিকেল ৪টে থেকে শক্তিপুর থানার সামনে অবস্থান শুরু করেন তিনি। এরপর রাতভর থানার গেটের সামনেই ধর্নায় বসে থাকেন বিধায়ক।
অভিযোগ, শনিবার রাত ৯টার দিকে খাবার ও ওষুধ খাওয়ার জন্য হুমায়ুন কবির থানার বাইরে বেরিয়ে আসেন। সেই সময় থানার গেট বন্ধ করে দেওয়া হয় বলে দাবি তাঁর। এরপর ভিতরে প্রবেশ করতে না পেরে থানার গেটের সামনেই অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক।
রাত পেরিয়ে ভোর হলেও ধর্না থেকে সরেননি তিনি। হুমায়ুন কবিরের দাবি, থানার ভিতরে কারা ঢুকছেন এবং কারা বের হচ্ছেন, তা তিনি নজরে রাখবেন। রবিবার বেলা ১২টা পর্যন্ত ধর্না চালিয়ে যাওয়ার কথাও জানান নওদার বিধায়ক।
আজুপ পার্টির কর্মীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও অত্যাচারের অভিযোগের প্রতিবাদেই এই অবস্থান কর্মসূচি বলে দাবি বিধায়কের। থানার সামনে বিধায়কের রাতভর ধর্নাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে।
তবে পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় কী বক্তব্য রয়েছে, তা এখনও জানা যায়নি। বিধায়কের অভিযোগ এবং থানার গেট বন্ধ করে দেওয়ার পরিস্থিতি নিয়ে পুলিশের বক্তব্য সামনে এলে ঘটনার পূর্ণ চিত্র আরও স্পষ্ট হবে।