রাস্তার কাজ শুরু হতেই বিতর্ক, কাজ বন্ধ করল বিজেপি: গয়েশপুরে তুমুল বচসা
**নদিয়া, কল্যাণী:** রাস্তার কাজ শুরু হতেই তৈরি হল বিতর্ক। নিয়ম মেনে কাজ হচ্ছে না—এমন অভিযোগ তুলে রাস্তার নির্মাণকাজ বন্ধ করে দিল বিজেপি নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নদিয়ার গয়েশপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ওই এলাকায় রাস্তার কাজ শুরু হয়। সরকারি প্রকল্পের কাজ নির্দিষ্ট নিয়ম ও অনুমোদন মেনে হওয়ার কথা থাকলেও সেখানে নিয়ম বহির্ভূতভাবে কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। এরপরই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। কাজ বন্ধ করাকে কেন্দ্র করে ঠিকা শ্রমিকদের সঙ্গে বিজেপি নেতৃত্বের বেশ কিছুক্ষণ বচসাও হয়। শেষ পর্যন্ত কাজ বন্ধ করে দেন সংশ্লিষ্ট ঠিকা শ্রমিকরা।
বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পালের অভিযোগ, **তৃণমূলের আমলে বিভিন্ন সরকারি কাজে দুর্নীতি হয়েছে এবং নিয়ম বহির্ভূতভাবে রাস্তা-সহ একাধিক প্রকল্পের কাজ হয়েছে।** তবে বর্তমান সময়ে কোনও ধরনের অবৈধ বা নিয়মবহির্ভূত কাজ তাঁরা বরদাস্ত করবেন না বলে দাবি করেন তিনি।
রাস্তার কাজে ব্যবহৃত একটি রোলার নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন বিজেপি মণ্ডল সভাপতি। তাঁর দাবি, সরকারি প্রকল্পের কাজে নির্ধারিত নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়।
অন্যদিকে, বিষয়টি নিয়ে গয়েশপুর পৌরসভার নির্বাহী আধিকারিক জানান, আগামী শুক্রবার ওই রাস্তার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তার আগে কীভাবে রাস্তার কাজ শুরু হল, তা তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান তিনি।
রাস্তার কাজের অনুমোদন, উদ্বোধনের আগে নির্মাণকাজ শুরু এবং সরকারি নিয়ম মেনে কাজ হয়েছে কি না—এই তিনটি বিষয় নিয়েই এখন প্রশ্ন উঠছে। যদিও গোটা বিষয়টি তদন্ত করে দেখার পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।
এদিকে, রাস্তার কাজ ঘিরে রাজনৈতিক চাপানউতোরের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।