মালদায় খুনের ১২ ঘণ্টার মধ্যেই রহস্যভেদ, অনলাইন গেমের ঋণ শোধ করতে দূর সম্পর্কের দাদুকে খুন! গ্রেফতার ২
**মালদা:** খুনের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মালদা শহরের ২ নম্বর গভমেন্ট কলোনির চাঞ্চল্যকর খুনের কিনারা করল মালদা জেলা পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নিহত ব্যক্তির দূর সম্পর্কের নাতি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের নাম শুভজিৎ ঘোষ (২২) এবং কৌশিক ঘোষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম অর্ণব সেন (৬০)। তিনি মালদা শহরের ২ নম্বর গভমেন্ট কলোনি এলাকার বাসিন্দা ছিলেন। অভিযোগ, অনলাইন গেমে আসক্ত হয়ে বিপুল টাকা ধারদেনা হয়ে গিয়েছিল শুভজিৎ ও তার বন্ধু কৌশিকের। সেই ঋণ পরিশোধের জন্যই অর্ণব সেনকে খুনের পরিকল্পনা করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
অভিযোগ, পরিকল্পনা অনুযায়ী শুভজিৎ তার বন্ধু কৌশিককে সঙ্গে নিয়ে অর্ণব সেনের বাড়িতে যায়। এরপর বাড়ির বেডরুমের মধ্যে তাঁর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করার পর গলার শ্বাসনালী কেটে তাঁকে খুন করা হয়। খুনের পর নিহতের মোবাইল ফোনও সঙ্গে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই নিহতের মোবাইল ফোনের গতিবিধির উপর নজর দেয়। সেই মোবাইলের লোকেশন ট্র্যাক করেই তদন্তকারীরা অভিযুক্তদের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র পান। এরপর দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে শুভজিৎ ও কৌশিককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে খুনের নেপথ্যে আর্থিক সমস্যার বিষয়টি সামনে এসেছে। অনলাইন গেমের নেশায় পড়ে ধারদেনা হয়ে যাওয়ার পর সেই টাকা মেটাতেই এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শনিবার সাংবাদিক বৈঠকে মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, খুনের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং-সহ একাধিক সূত্রের ভিত্তিতে এই ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, খুনের সঠিক কারণ এবং অভিযুক্তদের পরিকল্পনার বিষয়ে আরও তথ্য জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।