‘ভোট আমি করাতে জানি, এমন মার্জিনে জিতব কেউ কল্পনাও করেনি’, নন্দীগ্রামে শুভেন্দুর বার্তা
**হলদিয়া:** নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হলদিয়ায় জমজমাট রাজনৈতিক কর্মসূচি করল বিজেপি। প্রার্থীকে সঙ্গে নিয়ে হলদিয়ায় সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই নন্দীগ্রামবাসী এবং সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে একাধিক বার্তা দেন তিনি।
সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। তাঁর দাবি, “ভোট আমি করাতে জানি। এমন মার্জিনে জিতব, কেউ কল্পনাও করেনি।”
নন্দীগ্রামবাসীর উদ্দেশে উন্নয়নের প্রতিশ্রুতিও দেন শুভেন্দু। তিনি বলেন, এলাকায় যত মিথ্যা মামলা রয়েছে, সেগুলি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নন্দীগ্রামে একগুচ্ছ উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন তিনি।
শুভেন্দুর বক্তব্য, ২০২১ সালে নন্দীগ্রামের মানুষ যে পরিষেবা পেতেন, আগামী দিনেও সেই পরিষেবা অব্যাহত থাকবে। তাঁর কথায়, “বিচলিত হবেন না। আমি গ্যারেন্টি দিচ্ছি, ২০৩১ সাল পর্যন্ত মানুষ সেই পরিষেবা পাবে।”
এদিন সংখ্যালঘু ভোটারদের উদ্দেশেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, **“এবার আপনাদের পরীক্ষা দেওয়ার সময়।”** তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।
সভা শেষে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে হলদিয়ার কদমতলা থেকে প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটে হলদিয়া মহকুমা শাসকের দফতরে যান শুভেন্দু অধিকারী। সেখানেই বিজেপি প্রার্থী হাসিরানী রথ তাঁর মনোনয়নপত্র জমা দেন।
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। মনোনয়ন জমার দিন শুভেন্দুর বক্তব্য এবং বিজেপির শক্তিপ্রদর্শন সেই উত্তাপ আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।