বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল
**কলকাতা:** ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের একাধিক সংগঠনের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান কর্মসূচি নেওয়া হল। নিজেদের বিভিন্ন দাবি নিয়ে করুণাময়ীতে জমায়েত হন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। সেখান থেকেই মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশে রওনা দেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার পাশাপাশি যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পাশে থাকার যে বার্তা এবং পূর্ব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করতে হবে। তাঁদের অভিযোগ, যোগ্য প্রার্থীদের চাকরি হারানোর পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকারের তরফে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি, যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কিউরেটিভ পিটিশনের মাধ্যমে আইনানুগভাবে চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে। তাঁদের বক্তব্য, যাঁরা যোগ্য, তাঁদের চাকরি যাতে কোনওভাবেই অনিশ্চয়তার মধ্যে না থাকে, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন।
এর পাশাপাশি, চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর অবিলম্বে সাক্ষাতের দাবিও জানানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করে তাঁদের সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত এই কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। নিজেদের দাবি আদায়ে তাঁরা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান।
আন্দোলনকারীদের বক্তব্য, যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে এবার স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ করতে হবে। তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।