৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার
**মালদহ:** প্রায় ৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগে টলিউডের পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তারকে গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ। রবিবার রাতে কলকাতার টালিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’ নামে একটি সিনেমা তৈরির কথা বলে রতুয়ার বাসিন্দা মো. আজাহারুদ্দিনের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে ওয়াসিম আক্তারের বিরুদ্ধে।
অভিযোগ, সিনেমাটি তৈরির ক্ষেত্রে আজাহারুদ্দিনকে প্রযোজক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই আর্থিক লেনদেন নিয়ে দু’পক্ষের মধ্যে সমস্যা তৈরি হয় বলে জানা গিয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে এই ঘটনায় রতুয়া থানায় অভিযোগ দায়ের করেন আজাহারুদ্দিন। অভিযোগ দায়েরের পর থেকেই ওয়াসিম আক্তার পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে দাবি।
অবশেষে দীর্ঘদিনের তল্লাশির পর রবিবার রাতে কলকাতার টালিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে রতুয়া থানার পুলিশ। এরপর তাঁকে মালদহে নিয়ে আসা হয়।
সোমবার চাঁচল মহকুমা আদালতে অভিযুক্তকে পেশ করা হলে তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। অভিযোগের সত্যতা, আর্থিক লেনদেন এবং সিনেমা তৈরির নামে নেওয়া অর্থের ব্যবহার সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে রতুয়া থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।