৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

গাজোলে দুই মোটরসাইকেল আরোহী আটক, দুটি ব্যাগ থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা

লিখেছেন Editor - Bengal News Net ৪৯ বার পঠিত ২ মিনিটের পড়া
গাজোলে দুই মোটরসাইকেল আরোহী আটক, দুটি ব্যাগ থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা

**মালদা:** গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজোল থানার পুলিশ অভিযান চালিয়ে রাঙাভিটা এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে। তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গাজোল থানার পুলিশ রাঙাভিটা এলাকায় নজরদারি চালাচ্ছিল। সেই সময় মালদার দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলে করে আসা দুই যুবককে আটক করা হয়। তাদের কাছে থাকা দুটি ব্যাগে বিপুল পরিমাণ নগদ টাকা দেখতে পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি এবং থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। এরপর থানা থেকে টাকা গোনার মেশিন এনে উদ্ধার হওয়া নগদ অর্থ গণনার কাজ শুরু হয়।


প্রাথমিকভাবে জানা গেছে, আটক দুই যুবকের মধ্যে একজনের বাড়ি বৈষ্ণবনগর থানার বিরগর গ্রামে এবং অপরজনের বাড়ি কালিয়াচক থানার সাহাবাজপুর গ্রামে। তবে তারা এত বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে আনছিলেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।


পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫০০, ২০০ এবং ১০০ টাকার নোটের একাধিক বান্ডিল রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাকার সঠিক পরিমাণ জানা যায়নি। গাজোল থানায় টাকা গোনার কাজ অব্যাহত রয়েছে।


ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক ভিড় জমে যায়। উদ্ধার হওয়া নগদ অর্থের উৎস, বৈধতা এবং এর সঙ্গে কোনও অপরাধমূলক চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গাজোল থানার পুলিশ। টাকা গণনা শেষ হলে এবং তদন্তে অগ্রগতি হলে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

সম্পর্কিত খবর