৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল

লিখেছেন Editor - Bengal News Net ৫৪ বার পঠিত ২ মিনিটের পড়া
সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল

**ঝাড়গ্রাম:** খাদ্যসামগ্রীর গুণমান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় নথিপত্র যাচাই করতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালাল ফুড সেফটি দপ্তর ও পুলিশ প্রশাসন। কেশিয়াপাতা, কুলটিকরী, রোহিনী বাজার-সহ একাধিক এলাকায় এই অভিযান চালানো হয়।


ফুড সেফটি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন সাঁকরাইল ব্লকের বিভিন্ন বাজারে প্রায় ৮ থেকে ১০টি দোকান ও খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। মূলত খাদ্যসামগ্রীর গুণমান, দোকানের প্রয়োজনীয় নথিপত্র এবং ফুড লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়।


অভিযান চলাকালীন কয়েকটি প্রতিষ্ঠানে কিছু অসংগতি নজরে আসে। কুলটিকরী এলাকায় একটি মিষ্টির দোকানে অনিয়ম ধরা পড়ায় সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দোকান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংশোধন করার জন্য সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


অন্যদিকে, রোহিনী বাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ফুড লাইসেন্স নেই। লাইসেন্স না থাকায় প্রশাসনের তরফে হোটেলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রয়োজনীয় নিয়ম মেনে লাইসেন্স সংক্রান্ত বিষয়গুলি সম্পূর্ণ করার পরেই প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার সুযোগ পাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।


তবে অভিযানে থাকা অন্যান্য বেশ কয়েকটি দোকান ও খাবারের প্রতিষ্ঠানের পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে ফুড সেফটি দপ্তর সূত্রে খবর।


প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও সাঁকরাইল ব্লকের বিভিন্ন বাজার এলাকায় পুলিশের তরফে অভিযান চালানো হয়েছিল। খাদ্যসামগ্রীর গুণমান বজায় রাখা এবং সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে।


এদিনের যৌথ অভিযানে উপস্থিত ছিলেন ফুড সেফটি দপ্তরের আধিকারিক সুমন দাস ও গোপাল চৌধুরী, সাঁকরাইল থানার ওসি সৌমেন সিনহা মহাপাত্র এবং ডিবি দপ্তরের আধিকারিকরা।


প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনেও সাঁকরাইল ব্লকের বিভিন্ন বাজার ও খাবারের প্রতিষ্ঠানে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর