মোদির জন্মদিনে বিক্রমের বিশেষ চমক, ক্রেতাদের পাতে বাড়তি ঝালমুড়ি!
**ঝাড়গ্রাম:** প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। কোথাও পুজো-অর্চনা, কোথাও আবার সামাজিক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছেন তাঁর অনুরাগীরা। সেই উদযাপনের ছবিতে এবার দেখা গেল ঝাড়গ্রামের কলেজ মোড়েও এক অভিনব উদ্যোগ।
কলেজ মোড়ের জনপ্রিয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রম নিজের মতো করে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন। জানা গিয়েছে, এদিন সকালে নিজের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে পুজো-অর্চনা করেন তিনি। এরপর মোবাইলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্ট্যাটাসও দেন।
তবে এখানেই শেষ নয়। জন্মদিন উদযাপনে নিজের ব্যবসার সঙ্গেও যোগ করেছেন বিশেষত্ব। এদিন তাঁর দোকানে ঝালমুড়ি খেতে আসা ক্রেতাদের জন্য থাকছে বাড়তি ঝালমুড়ি। অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের একটু বেশি পরিমাণে ঝালমুড়ি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিক্রম।
বিক্রমের কথায়, নিজের সামর্থ্যের মধ্যে থেকেই তিনি প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছেন। তাই বিশেষ এই দিনে তাঁর দোকানে ঝালমুড়ির স্বাদের সঙ্গে থাকছে বাড়তি ভালোবাসাও।
প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে যেখানে রাজ্যজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে, সেখানে ঝাড়গ্রামের কলেজ মোড়ে বিক্রমের এই অভিনব উদযাপন স্থানীয়দের নজর কেড়েছে।