হাইকোর্টের নির্দেশ অমান্য করে সভার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR কলকাতা পুলিশের
**কলকাতা:** কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সভা করার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। শুক্রবার কলকাতার বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভাকে কেন্দ্র করে এই মামলা রুজু হয়েছে হেস্টিংস থানায়। একই ঘটনায় ছাত্র সংগঠনের সভার উদ্যোক্তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অগস্ট সাব-ইনস্পেক্টর অপূ বৈদ্য লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ক্যাথিড্রাল রোডে আয়োজিত সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সভার উদ্যোক্তারা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সমর্থকদের উস্কানি দেন। সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয় বলে পুলিশের দাবি।
পুলিশের অভিযোগ, সভাস্থলে মোতায়েন ব্যারিকেড কয়েক জন সমর্থক সরিয়ে দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন থাকা পুলিশকর্মীদের সঙ্গেও কয়েক জন সমর্থকের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
### কী নির্দেশ দিয়েছিল হাইকোর্ট?
পুলিশ সূত্রে দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের একটি লেনে সভা করার কথা ছিল। অন্য লেনটি যান চলাচলের জন্য খোলা রাখার নির্দেশ ছিল। কিন্তু সেই নির্দেশ যথাযথ ভাবে মানা হয়নি বলে অভিযোগ পুলিশের।
পুলিশের দাবি, সভাকে কেন্দ্র করে রাস্তার একটি লেন কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি, আদালত সভার জন্য দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল, সেটিও মানা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
### কোন কোন ধারায় মামলা?
পুলিশ সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে **অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি নির্দেশ অমান্য, অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা ও বলপ্রয়োগ এবং রাস্তাঘাটে যাতায়াতে বাধা সৃষ্টি**-র মতো অভিযোগ।
ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। সভার ভিডিয়ো ফুটেজ, পুলিশের কাছে থাকা তথ্য এবং ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশকর্মীদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
### শুক্রবার কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
প্রসঙ্গত, শুক্রবার ক্যাথিড্রাল রোডে সভার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। যাদবপুরে রাখি বন্ধন উৎসবের শেষে তিনি অভিযোগ করেন, আদালতের নির্দেশ অনুযায়ী রাস্তার একটি অংশ খোলা রাখার কথা থাকলেও তা মানা হয়নি।
মুখ্যমন্ত্রীর দাবি ছিল, সভাকে কেন্দ্র করে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়। তিনি পুলিশকে এফআইআর করার পাশাপাশি আদালতে যাওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
তবে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফে এফআইআর এবং পুলিশের অভিযোগ নিয়ে কী বক্তব্য, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের অভিযোগ ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ হবে বলে জানা যাচ্ছে।