৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার খবর, বিশ্বের নজরে
তাজা খবর
৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তার গ্রেফতার বিকাশ ভবন অভিযানে ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা, একাধিক দাবিতে মিছিল সাঁকরাইলে ফুড সেফটি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় বন্ধ হোটেল বিস্কুটের পেটি কেটে হাতে খড়ি, ইছামতির মাটি ছুঁয়ে মৃন্ময়ী প্রতিমায় কলেজ ছাত্র দীপনের জয়যাত্রা বাড়ি ঘিরে পুলিশের তল্লাশি, পূর্ব ভোগডাবরিতে উদ্ধার ১০২ কেজিরও বেশি গাঁজা
পশ্চিমবঙ্গ

রোগীদের জীবন নিয়ে ছেলেখেলা! ধনেখালির নার্সিংহোম সিল করল স্বাস্থ্য দফতর

লিখেছেন Editor - Bengal News Net ৫২ বার পঠিত ২ মিনিটের পড়া
রোগীদের জীবন নিয়ে ছেলেখেলা! ধনেখালির নার্সিংহোম সিল করল স্বাস্থ্য দফতর

**হুগলি:** স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় পরিকাঠামো না থাকার অভিযোগে হুগলির ধনেখালির একটি নার্সিংহোম সিল করে দিল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ ধনেখালির মদনমোহনতলা এলাকার ওই নার্সিংহোমে অভিযান চালিয়ে তালা ঝুলিয়ে দেন স্বাস্থ্য আধিকারিকরা। অভিযানের সময় ধনেখালি থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।


স্বাস্থ্য দফতর সূত্রে অভিযোগ, নার্সিংহোমটি চালানোর জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিকাঠামো ছিল না। পাশাপাশি মেডিক্যাল অফিসার, জিএনএম নার্সিং স্টাফ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থারও ঘাটতি ছিল বলে অভিযোগ। **ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের একাধিক নিয়ম মানা হয়নি** বলেও দাবি স্বাস্থ্য দফতরের।


জানা গিয়েছে, গত জুলাই মাসেই নার্সিংহোম কর্তৃপক্ষকে পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছিল জেলা স্বাস্থ্য দফতর। সেই সময় কিছুদিন নার্সিংহোম বন্ধ থাকলেও পরবর্তীতে ফের সেখানে রোগী ভর্তি শুরু হয় বলে অভিযোগ ওঠে। এরপর নতুন করে অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর।


হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক **মৃগাঙ্ক মৌলিক**-এর নির্দেশে ধনেখালি বিএমওএইচ এবং ডেপুটি সিএমওএইচ-১ **ত্রিদীপ মুস্তাফি**-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বৃহস্পতিবার রাতে নার্সিংহোমে পৌঁছন। এরপরই নার্সিংহোমটি সিল করে দেওয়া হয়।


অন্যদিকে, নার্সিংহোম সিল করার সময় স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পরিচালক **কেনারাম দে**। তাঁর দাবি, নার্সিংহোমে কিছু পরিকাঠামোগত ঘাটতি রয়েছে, তা তিনি স্বীকার করছেন। তবে তাঁর অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকেই নার্সিংহোমটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিষেবা সংক্রান্ত ঘাটতি মেরামত করে পুনরায় অনুমোদনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলেও দাবি করেন তিনি।


কেনারাম দে আরও দাবি করেন, তাঁর নার্সিংহোমে কোনও রোগীর গুরুতর সমস্যা বা মৃত্যুর ঘটনা ঘটেনি। নার্সিংহোম বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি **আইনি পদক্ষেপ করবেন** বলেও জানান।


তবে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অভিযোগ, একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও নিয়ম মেনে নার্সিংহোম বন্ধ করা হয়নি। ডেপুটি সিএমওএইচ-১ ত্রিদীপ মুস্তাফির দাবি, স্বাস্থ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় নিয়মকানুন মানা হয়নি এবং বারবার চিঠি দেওয়ার পরও কর্তৃপক্ষ নির্দেশ কার্যকর করেনি। সেই কারণেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে নার্সিংহোমটি সিল করা হয়েছে।


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাস্থ্য দফতরের এই পদক্ষেপের পর নার্সিংহোমের পরিষেবা এবং প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


সম্পর্কিত খবর