১০ অক্টোবরের মধ্যে রাইটার্সে মুখ্যমন্ত্রী-মন্ত্রীদের ঘর প্রস্তুতের লক্ষ্য, সংস্কারে বড় চ্যালেঞ্জ ঐতিহ্য রক্ষা
**কলকাতা:** দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ চললেও এখনও পুরোপুরি ছন্দে ফেরেনি ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং। এবার মহাকরণে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের বসার ঘর তৈরির কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্যের পূর্ত দফতর। আগামী **১০ অক্টোবরের মধ্যে পূর্ত দফতরের হাতে থাকা অসম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্য** নেওয়া হয়েছে।
রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার বিশেষ বৈঠক করেন রাজ্যের পূর্তমন্ত্রী **অজয় পোদ্দার**। বৈঠকে মহাকরণের বিভিন্ন অংশের কাজের অগ্রগতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, রাইটার্স বিল্ডিংয়ের **তিনতলায় মুখ্যমন্ত্রী-সহ অন্তত ছয় জন মন্ত্রীর বসার ব্যবস্থা** করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে দাবি। এছাড়াও মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারীর জন্যও ঘর প্রস্তুত করা হচ্ছে।
রাইটার্সে যে মন্ত্রীদের ঘর তৈরির পরিকল্পনা রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন **পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং পূর্তমন্ত্রী অজয় পোদ্দার**।
তবে রাইটার্স বিল্ডিংয়ের সামগ্রিক সংস্কারের কাজ এখনই সম্পূর্ণ হচ্ছে না। আপাতত **ক্যাবিনেট রুম এবং রোটান্ডা** সংস্কারের কাজ হাতে নেওয়া হচ্ছে না। পূর্ত দফতরের অধীনে থাকা অসম্পূর্ণ কাজগুলি আগে শেষ করার উপরেই জোর দেওয়া হচ্ছে।
অন্যদিকে, রাইটার্স বিল্ডিংয়ের **সামগ্রিক সংস্কারের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা** রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনা এবং তাদের পরিকল্পনা পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
সংস্কারের পরিকল্পনার অংশ হিসেবে প্রাক্তন হেরিটেজ কমিশন সদস্য তথা স্থপতি **রঞ্জন মিত্রকে দায়িত্ব দিয়েছে আদানি গোষ্ঠী**। ইতিমধ্যেই তিনি রাইটার্স বিল্ডিং পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে।
ঐতিহাসিক স্থাপত্যের চরিত্র অক্ষুণ্ণ রেখে সংস্কার করাই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। পূর্ত দফতরের দাবি, অতীতে সংস্কারের সময় ইউরোপীয় টালি-সহ রাইটার্সের একাধিক ঐতিহাসিক সম্পদ হারিয়ে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এবার সংস্কারের ক্ষেত্রে ঐতিহ্য সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।
উল্লেখ্য, **২০১৩ সালে রাজ্য সরকারের সচিবালয় নবান্নে স্থানান্তরিত হওয়ার পর প্রায় ১৩ বছর কেটে গেলেও রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারের ৫০ শতাংশ কাজও শেষ হয়নি** বলে পূর্ত দফতরের তরফে দাবি করা হয়েছে। ফলে নতুন করে কাজের গতি বাড়িয়ে দ্রুত রাইটার্সকে প্রশাসনিক ব্যবহারের উপযোগী করে তোলাই এখন সরকারের অন্যতম লক্ষ্য।