তিস্তার স্রোতে ভেসে গেল হাতির শাবক, দুই ঘণ্টার চেষ্টায় মায়ের কাছে ফিরিয়ে দিল বন দপ্তর
**শিলিগুড়ি:** তিস্তা নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছিল হাতির শাবক। নদীতে ভেসে বেশ কিছুটা দূরে চলে যাওয়া সেই শাবককে উদ্ধার করে শেষ পর্যন্ত মায়ের কাছে ফিরিয়ে দিল বন দপ্তর। বনকর্মীদের দীর্ঘ চেষ্টায় মা ও শাবকের পুনর্মিলনে স্বস্তি ফিরেছে এলাকায়।
জানা গিয়েছে, সোমবার সকালে গজলডোবার আপার স্টিম এলাকায় মা হাতির সঙ্গে তিস্তা নদী পার হচ্ছিল শাবকটি। সেই সময় আচমকাই নদীর স্রোতে ভেসে যায় সেটি। এরপর তিস্তা সেতুর নিচ দিয়ে ভেসে শাবকটি পৌঁছে যায় কাঠামবাড়ি এলাকায়।
পরে পাঞ্জাব বাঁধের কাছে তিস্তা নদীর ১২ নম্বর স্পার এলাকায় কয়েকজন মৎস্যজীবীর নজরে আসে শাবকটি। খবর পেয়ে নৌকার সাহায্যে সেটিকে উদ্ধার করা হয়। এরপর শাবকটিকে কাঠামবাড়ি রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় বন দপ্তরের কর্মীরা।
বন দপ্তর সূত্রে জানা যায়, শাবকটির মা হাতিটি গজলডোবা এলাকাতেই ছিল। এরপর শাবকটিকে গজলডোবা তিস্তা ব্যারেজ পার করে একটি নিরাপদ ও শুকনো এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয় মা হাতির সঙ্গে শাবকটির পুনর্মিলনের চেষ্টা।
প্রায় দু’ঘণ্টা ধরে চেষ্টা চালানোর পর অবশেষে বনকর্মীরা মা হাতির সঙ্গে শাবকটির যোগাযোগ ঘটাতে সক্ষম হন। মায়ের কাছে ফিরে যায় ছোট্ট হাতিটি। বন দপ্তরের তৎপরতায় নদীর স্রোতে ভেসে যাওয়া শাবকটি নতুন করে নিরাপদ আশ্রয় ফিরে পাওয়ায় স্বস্তি ছড়িয়েছে বন দপ্তর ও স্থানীয়দের মধ্যে।