হুগলির কুখ্যাত দুষ্কৃতীকে অস্ত্র-সহ গ্রেফতার নোয়াপাড়া থানার পুলিশের, চুঁচুড়া থেকে পালিয়েও শেষ রক্ষা হল না
**ব্যারাকপুর:** হুগলির চুঁচুড়া থেকে পালিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় আশ্রয় নিয়েও শেষ রক্ষা হল না। পুলিশের হাতে গ্রেফতার হল হুগলির চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী বলে অভিযোগ ওঠা প্রশান্ত সাহা। নোয়াপাড়া থানার পুলিশ ইছাপুরের সি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রশান্ত সাহার বিরুদ্ধে চুঁচুড়া থানায় একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। তবে পুলিশের নজর এড়িয়ে চুঁচুড়া ছেড়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ইছাপুর এলাকায় এসে আত্মগোপন করেছিল বলে অভিযোগ।
এরপর গোপন সূত্রে প্রশান্তের অবস্থান সম্পর্কে খবর পায় নোয়াপাড়া থানার পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ইছাপুরের সি-ব্লক এলাকায় অভিযান চালান পুলিশকর্মীরা। সেখান থেকেই প্রশান্ত সাহাকে পাকড়াও করা হয়।
পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে একটি পিস্তল এবং গুলি উদ্ধার হয়েছে। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। অস্ত্রটি কোথা থেকে তার কাছে এল, কী উদ্দেশ্যে সেটি রাখা হয়েছিল এবং তার বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলির সঙ্গে এই অস্ত্রের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
চুঁচুড়া থেকে পালিয়ে ইছাপুরে আত্মগোপন করেও পুলিশের জালে ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও কোনও তথ্য পাওয়া যায় কি না, সেদিকেও নজর রয়েছে পুলিশের।