জলপাইগুড়িতে মোদির জন্মদিন উপলক্ষে প্রায় এক হাজার মানুষের মধ্যাহ্নভোজ, আয়োজন বিজেপির
**জলপাইগুড়ি:** প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জলপাইগুড়ি শহরে আয়োজন করা হল বিশেষ মধ্যাহ্নভোজের। বিজেপির জলপাইগুড়ি মণ্ডল-১-এর অন্তর্গত ১৮, ২২ ও ২৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন ১৭ সেপ্টেম্বর পালিত হয়েছে। তাঁর জন্মদিনকে কেন্দ্র করে বিজেপির তরফে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন জায়গায় জনসেবা ও জনসংযোগমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে।
জলপাইগুড়িতেও সেই কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পথচলতি মানুষ, টোটোচালক-সহ সাধারণ নাগরিকদের দুপুরের খাবার পরিবেশন করা হয় বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।
আয়োজকদের দাবি, এই কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষ অংশ নেন এবং তাঁদের খাবার পরিবেশন করা হয়। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের উদ্যোগে আয়োজিত এই মধ্যাহ্নভোজকে ঘিরে এলাকায় ব্যস্ততা দেখা যায়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপির মাসব্যাপী কর্মসূচিতে রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, জনসংযোগ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের পরিকল্পনাও রয়েছে।