হাওড়ায় আদালতের নির্দেশে উচ্ছেদ ঘিরে উত্তেজনা, জমির মালিক ও বাসিন্দাদের মধ্যে হাতাহাতি-ইটবৃষ্টি
**হাওড়া:** আদালতের নির্দেশে জমি উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের পূর্ব খাপারা এলাকায়। দীর্ঘ ১৬ বছর ধরে চলা জমি বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি ও ইটবৃষ্টির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
জানা গিয়েছে, জমির মালিক সজল মণ্ডলের দাবি, বৈধভাবে কেনা তাঁর জমি দীর্ঘদিন ধরে জোর করে দখল করে রাখা হয়েছে। তাঁর অভিযোগ, জমি দখল করে সেখানে ঘর তৈরি করে ভাড়াও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।
সজল মণ্ডলের দাবি, মামলায় আদালত তাঁর পক্ষে উচ্ছেদের নির্দেশ দেয়। সেই নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশি নিরাপত্তা নিয়ে তিনি ওই এলাকায় ঘর উচ্ছেদ করতে যান। আদালতের জাজমেন্ট ও ডিগ্রির নথিও তিনি সাংবাদিকদের দেখান।
তবে উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পাল্টা অভিযোগ, পুলিশ ঘর ভেঙে চলে যাওয়ার পর তাঁদের উপর হামলা করা হয়। তাঁদের দাবি, তাঁদের গায়ে হাত দেওয়া হয়েছে এবং মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে।
এই অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। শুরু হয় হাতাহাতি এবং একে অপরের দিকে ইট ছোড়ার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, জমির মালিকের অভিযোগ, আদালতের নির্দেশ এবং পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও তিনি পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাননি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে। কী কারণে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হল এবং ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।